সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদেশি মদ পান করে কামাল গাজী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার শুকতিয়া গ্রামে এ ঘটনটি ঘটে। মৃত কামাল গাজী শুকতিয়া গ্রামের আব্দুল গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী খলিল সরদার ও সালাম গোলদার একত্রে কামাল গাজীকে নিয়ে খলিল সরদারের মাছের ঘেরে যেয়ে তারা বিদেশি মদ পান করে। অতিরিক্ত মদ পান করার কারণে কামাল গাজী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৩টার দিকে তাকে বাড়িতে দিয়ে যাওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মৃতের মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
তবে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, অতিরিক্ত মদ খাওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। আবার অতিরিক্ত মদ পানের ফলে স্ট্রোকও হতে পারে এটা অস্বাভাবিক নয়। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
ইত্তেফাক/জেডএইচ
