জয়পুরহাটে জনতা ব্যাংকের টাকা চুরির ঘটনায় আটক তোফাজ্জল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক শৈলেন চন্দ্র দেবনাথ রবিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৭ সালের ২৮ নভেম্বর জনতা ব্যাংক জয়পুরহাট শাখার ক্যাশ কাউন্টার থেকে রহস্যজনকভাবে ৪৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। সিআইডি তদন্ত করতে গিয়ে জানতে পারে দিনাজপুরের বিরামপুর উপজেলার জয়দেবপুর গ্রামের মৃত কোবাজ বিশ্বাসের ছেলে তোফাজ্জল হোসেনের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পায়।
অন্য একটি চুরির মামলায় আটক হয়ে দিনাজপুর জেল হাজতে থাকা তোফাজ্জল হোসেনকে (৫০) সিআইডি জয়পুরহাটের জনতা ব্যাংকের টাকা চুরির মামলায় গত ১৭ সেপ্টেম্বর শোন অ্যারেস্ট দেখিয়েছে।
ব্যাংকের সিসি টিভি ক্যামেরায় দেখা যায় অফিস চলাকালীন সকাল ১০টা ৫৩ মিনিটে অপরিচিত এক ব্যক্তি টাকার ব্যাগ ক্যাশ কাউন্টার থেকে চুরি করে নিয়ে যায়। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছেন।
ইত্তেফাক/জেডএইচ
