লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজানুর রহমান মিজান (৩৬) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তার কাছ থেকে ২শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ মাদক বিক্রেতা মিজান দুর্গাপুর এলাকার মৃত হোসেন আলী দালালের ছেলে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাদকের একটি বড় চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে একটি চক্র দুর্গাপুর অতিক্রম করছে- এমন গোপন খবরে উত্তর গোবধা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়।
পুলিশ আত্নরক্ষার্থে শটগানের দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে মিজান দুই পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে আটক করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি মাসুদ রানা আরও জানান, মিজানের বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/জেডএইচ
