কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার ৪ আসামি রিমান্ডে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩২
সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলার চার আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে কালিগঞ্জ আমলি আদালত-২ এর বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির এ রিমান্ড মঞ্জুর করেন।
 
রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন- কৃষ্ণনগর গ্রামের ফজর গাজীর ছেলে ইউপি সদস্য ফজলু গাজী, একই গ্রামের সুন্দর আলী তরফদারের ছেলে আব্দুল হামিদ, কালিকাপুর গ্রামের মৃত হাজির উদ্দীনের ছেলে রাজবুল হোসেন ও কৃষ্ণনগর গ্রামের চিত্ত ঘোষের ছেলে মন্টু ঘোষ। 
 
এ মামলার তদন্ত কর্মকর্তা ও কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব হোসেন জানান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার চার আসামিকে সোমবার ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আমলি আদালত-২ এর বিচারক তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় এ পর্যন্ত মোট ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি আব্দুল জলিল গাইন গত ১৫ সেপ্টেম্বর রাতে গণপিটুনিতে নিহত হন। এর আগে অপর তিন আসামি মোজাফফর হোসেন, খোকন ঢালী ও রনজিত মণ্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তারা বর্তমানে জেল হাজতে রয়েছেন। 
 
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাতে কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসে বসে থাকাকালীন চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত চেয়ারম্যানের মেয়ে সাদিয়া ইসলাম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে একই ইউপির সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আদুল জলিল গাইনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখস করে মামলা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি