পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলাল নিহতের ঘটনাসহ সড়ক মহাসড়কে একের পর এক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও ডিসি অফিস ঘেরাও করা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় নাগরিক কমিটির ডাকে শহরের শেরে বাংলা পার্ক মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, কেন্দ্রিয় জাগপা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুঁই, নাগরিক কমিটির সভাপতি বসিরুল আলম প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, নারী নেত্রী আকতারুন্নাহার সাকী, জাকিয়া আনোয়ার, আওয়ামীলীগ, বিএনপি, বাংলাদেশ জাসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। এ সময় আগামী ৭ দিনের মধ্যে ঘাতক ট্রাক এবং ট্রাক চালককে আটক করে আইনের আওতায় আনা, সকল সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনাসহ সড়ক মহাসড়কে নিরাপদ জনচলাচল নিশ্চিত করা, লাইসেন্সবিহীন ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। সাত দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা।
ইত্তেফাক/নূহু
