মেহেরপুরে অস্ত্রসহ যুবদল নেতা রাজন গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৯
মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ রাজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার রাতে শহরের বোসপাড়া থেকে ডিবির এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থেকে একটি দেশি এলজি ওয়ান শুটার গান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে।
 
ডিবির এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদে খবর আসে শহরের বোসপাড়ার একটি দোকানের পাশে অস্ত্রসহ রাজন অবস্থান করছে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে উল্লেখিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। 
 
মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস গ্রেপ্তারকৃত রাজনের রাজনৈতিক পদের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/নূহু