বন্দরে চাঁদার দাবি করা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত অটোবাইক চালক শফিকুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে তিনি মারা যান। গত শনিবার রাতে বন্দরের লাউসার গ্রামে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে অটোবাইক চালক শফিকুলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ২দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী জানান, লাউসার থেকে মদনপুর পর্যন্ত চলাচলকারী অটোবাইক থেকে একই গ্রামের আলী আকবরের ছেলে উজ্জলসহ একটি সিন্ডেকেট প্রতিদিন ৫০ টাকা হারে চাঁদা আদায় করে আসছে। একদিনের চাঁদার টাকা পরিশোধ না করায় গত শনিবার রাতে শফিকুল ইসলামের ছেলে রাসেলকে উজ্জল ও তার সহযোগীরা তুলে নিয়ে গিয়ে মারধর শুরু করে। ছেলেকে বাঁচাতে অটোচালক পিতা শফিকুল ইসলাম এগিয়ে গেলে চাঁদাবাজ উজ্জল অটোচালক শফিকুলকে ছুরিকাঘাত করে। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যপারে বন্দর থানার এসআই সাখওয়াত অটোচালক শফিকুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকেই সন্ত্রাসীরা পলাতক রয়েছে। পুলিশ খুনী সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।
ইত্তেফাক/নূহু
