বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ হাজারো কর্মী কারাগারে —রিজভী

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০১:০৫

বেগম খালেদা জিয়াসহ এই মুহূর্তে বিএনপির অন্তত ১৫ জন কেন্দ্রীয় নেতা কারাগারে রয়েছেন। এর মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা একজন, বিশেষ সহকারী একজন, দলের যুগ্ম মহাসচিব দু’জন, সাংগঠনিক সম্পাদক একজন, সম্পাদকমণ্ডলীর সদস্য তিন জন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিন জন। বাকিরা অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা। এছাড়া সারাদেশে হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন।

গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কারাবন্দি নেতাদের এই তালিকা তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি তাদের সকলের মুক্তি দাবি করেন।

রিজভীর দেওয়া তালিকা অনুযায়ী খালেদা জিয়া ছাড়াও এই মুহূর্তে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল, লায়ন আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।

‘নুসরাত হত্যাকাণ্ড ধামাচাপা দিতে চাইছে সরকার’

রিজভী বলেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের বাঁচাতে সরকার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে নিপীড়ন চালিয়ে তার মুখ বন্ধ করতে গায়ে আগুন দিয়ে বর্বর কায়দায় হত্যার ঘটনায় সেখানকার আওয়ামী লীগের নেতারা জড়িত। তাদের সঙ্গে সহযোগিতা করেছে এসপি থেকে থানার ওসি পর্যন্ত।