বেনাপোলে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো দুই দিনব্যাপী হরিদাস ঠাকুরের নির্য্যান তিথী মহৌৎসব। দেশ-বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত ছিল পাটবাড়ি আশ্রম।
কালের আবর্তে হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমটি আজ হয়ে উঠেছে একটি দর্শনীয় স্থান। এখানে রয়েছে প্রায় ছয়‘শ বছরের মাধবীলতা আর সুপ্রাচীন তমাল বৃক্ষ। আর এই তমাল বৃক্ষের ছায়াতলে হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রম। এ ছাড়া ব্রক্ষ হরিদাস ঠাকুরের জীবনী, ভাগবত আলোচনা, কীর্ত্তন, নির্য্যান লীলা আস্বাদন, ভক্তিগীতি ও পদাবলী কীর্ত্তন নিয়ে এখানে পালিত হয়েছে নির্য্যান তিথী মহৌৎসব।
নির্য্যান তিথী মহৌৎসবে দেশের ৬৪টি জেলা এবং বিভাগীয় শহর থেকে হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে এখানে। আশ্রমের সভাপতি তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ধর্মীয় বক্তব্য রাখেন সাংবাদিক শ্যামল সরকার, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, নিতাই গৌর, শ্রী মুকুল মিত্র প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনে ছিলেন সুকুমার দেবনাথ ও বৈদ্য নাথ দাস।
আশ্রমের সভাপতি তাপস কুমার বিশ্বাস জানান, এ আশ্রমে দেশ-বিদেশ থেকে যে সমস্ত ভক্ত বা দর্শনার্থী এসেছিল তাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয় আশ্রমের পক্ষ থেকে। তাদের নিরাপত্তার জন্য প্রশাসনিক ব্যবস্থাও করা হয়েছে। হিন্দু-মুসলমান কোনো ভেদাভেদ নেই এখানে। সব ধর্মের মানুষের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়েছে মুখরিত।
ইত্তেফাক/ইউবি
