তেলযুক্ত মাছে উপকার অনেক

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:০৯

 

আমরা ‘মাছে ভাতে বাঙালি’ হলেও এখন শহর অঞ্চলে অনেকে বিশেষত শিশু-কিশোররা মাংস খেতেই ভালোবাসে। তবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, সপ্তাহে কমপক্ষে দুই দিন তেলযুক্ত মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন। বলা হচ্ছে, নিয়মিত তেলযুক্ত মাছ খেলে হূদরোগ হওয়ার আশঙ্কা এক- তৃতীয়াংশ কমে আসে। মাছের তেলে যে চর্বি আছে, তা হলো অসম্পৃক্ত চর্বি যা ওমেগা ৩ ফ্যাটি এসিডের চমত্কার উত্স। এই ওমেগা ৩ ফ্যাটের গুরুত্বপূর্ণ উপাদান হলো ডিএইচএ। এটি রক্তনালীতে রক্ত জমাটে বাধা দেয়, রক্ত সরবরাহ নির্বিঘ্ন করে এবং রক্তের ক্ষতিকর চর্বিকে রক্তে জমতে দেয় না। ফলে হূদরোগ প্রতিরোধ করতে এটি কার্যকর। মাছে রয়েছে প্রস্টাগ্লানডিন নামক রাসায়নিক উপাদান যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। মাছে থাকে ওমেগা ৩ এবং ডিএইচএ যা বুদ্ধি বিকাশ, স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি বাড়াতে ভূমিকা রাখে। যে সব স্তনদানকারী মা নিয়মিত মাছ খান, তাদের বুকের দুধের মাধ্যমে শিশুরা ডিএইচএ পায়। এছাড়া মাছে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যেমন-সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস ইত্যাদি যা বিপাক ক্রিয়া, দাঁত, পেশী ও হাড়ের গঠনে ভূমিকা রাখে। ছোট কাঁটা যুক্ত মাছ ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাছে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার, দীর্ঘমেয়াদি প্রদাহ জনিত রোগ যেমন- বাত, আর্থ্রাইটিস রোধে সাহায্য করে, ত্বক সুস্থ রাখে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ