নগর পরিচ্ছন্নতায় গিনেস বুকে স্থান করে নেওয়া স্বীকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ মঙ্গলবার নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে গিনেসের স্বীকৃতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর নামে উৎসর্গের এ ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত 'ডেটল পরিচ্ছন্ন ঢাকা' কর্মসূচি দিয়ে নতুন রেকর্ড গড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সর্বাধিক সংখ্যক মানুষ একই জায়গায় ঝাড়ু দেওয়ার এই রেকর্ডটি আগে ভারতের বদোধরা শহরের দখলে ছিল (৫,০৫৮ জন)। ওই রেকর্ড ভেঙে বর্তমানে 'গিনেস বুক অব ওয়ার্ল্ডে' বাংলাদেশ নতুন রেকর্ডের অধিকারী (৭,০২১জন)।
মেয়র বলেন, পরিচ্ছন্নতা বিষয়ে এ রেকর্ড করাই আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা চেয়েছি, এমন কর্মসূচির মাধ্যমে শহরবাসী পরিচ্ছন্নতার বিষয়ে যেন সচেতন হন। আর এই রেকর্ডের মাধ্যমে বিশ্ববাসী জেনেছে, এ দেশের মানুষ পরিচ্ছন্নতায় সচেতন জাতি। আমাদের এই অর্জন, সেই নেতার নামে উৎসর্গ করতে চাই, যে নেতার জন্ম না হলে আমরা এই দেশ, এই স্বাধীনতা পেতাম না।
তিনি বলেন, এই রেকর্ড গড়ার সম্মানে আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে। এই সম্মান তখনই অর্থবহ-কার্যকর হবে যখন এই শহরবাসীকে পরিপূর্ণ একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে পারবো।
শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু একজন মেয়রের পক্ষ এ বিশাল কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকায় থাকতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জিটিভির চেয়ারম্যান গাজী দস্তগীর এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহম্মাদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন, সচিব শাহাবুদ্দিন খান, রেকিট বেনকিজারের মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল প্রতীকী পরিচ্ছন্নতায় গিনেজ বুকে থাকা আগের রেকর্ডের লোকসংখ্যার থেকে অনেক বেশি লোক অংশগ্রহণ করে ডেটল পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচিতে।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা থাকবে। ডিএসসিসির নাম।
কর্মসূচিতে জাতীয় স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ফায়ার সার্ভিস, নৃত্যশিল্পী, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করলেও চূড়ান্ত নিরীক্ষায় ও নিরপেক্ষ অডিট রিপোর্ট মোতাবেক ৭ হাজার ২১ জন ওই নির্দিষ্ট এক মিনিট সক্রিয়ভাবে গিনেসের সব নীতিমালা পূরণ করে রেকর্ডে অংশগ্রহণ করেছিলেন, যা পরে যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়।
ইত্তেফাক/এমআই
