গতকাল সোমবার ব্রাক ইনে গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষায়ক এক মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান সভাপতিত্ব করেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. ফ্রাঁসুয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ, অধ্যাপক ড. মারুফুল ইসলাম, সাইমা হক বিদিশা ছাড়াও অনেক গবেষক ও শিক্ষক এই আলোচনায় অংশগ্রহন করেন।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান অনুষ্ঠানটি মডারেট করেন। ড. আকবর আলি খান বলেন, যে নীতি নির্ধারকরা এখন আর পড়তে চান না। তাই যুক্তি-নির্ভর নীতি গ্রহণ ও বাস্তবায়ন বেশ কঠিন হয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে ড. আতিউর রহমান বলেন, যে দিন বদলাচ্ছে। প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই প্রতিষ্ঠানগুলোকেও বদলাতে হবে। পুরোনো কায়দায় আর তারা নিজেদের চালাতে পারবে না। সর্বত্র ডিজিটাল সংস্কৃতি গড়ে উঠছে। প্রশাসন ও রেগুলেশন সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তি গ্রহন করে জনগনকে দ্রুত সেবা দেবার মানসিকতা অর্জন করতে হবে। সময় এখন ঝটপট কর্ম সাধনের। আগের মত ঢিমে তালে প্রতিষ্ঠান চালাবার দিন শেষ। সবাইকে তাই আধুনিক প্রযুক্তি ও জ্ঞান নির্ভর কার্যক্রম পরিচালনার জন্য তৈরি থাকতে হবে। শাসন ব্যবস্থা দ্রুত স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আর শক্তিশালী প্রতিষ্ঠানই অর্থনীতিকে গতিময় করতে পারে। সে জন্যে সরকার, ব্যক্তিখাত, গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে একযোগে কাজ করতে হবে।
ইত্তেফাক/কেকে
