পূর্ব সুন্দরবনের শরণখোলায় স্মার্ট টিমের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে ইলিশ ও ১৫ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী উপজেলার খুঁড়িয়াখালী মো. ফেরদৌস খান সাংবাদিকদের এ অভিযোগ করেন।
তিনি বলেন, সুন্দরবনের দুধমুখী নদীর আড়াবেকী এলাকায় তার ক্যারিং নৌকায় মিজান, রাসেল ও আসাদুল নামের ৩ জেলে ইলিশ কিনতে যান। ওই রাত আনুমানিক ৯টার দিকে স্মার্ট টিমের পরিচয়ে ওই তিনজনের নৌকা থামায় কয়েকজন। তারা ওই তিন জেলেকে বেঁধে ফেলে এবং মোবাইল ফোন নিয়ে নেয়। এ সময় স্মার্ট টিমের সদস্যরা মামলার ভয় দেখিয়ে তাদের নৌকা থেকে জোরপূর্বক ৩৫টি ইলিশ এবং ১৫ হাজার টাকা নিয়ে যায়।
জেলেরা জানায়, স্মার্ট টিমের সদস্য পরিচয় দিলেও মাছ এবং টাকা নিয়ে যাওয়া ব্যাক্তিরা কোন রেঞ্জের স্মার্ট টিম তা জানায়নি।
শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম লিডার ও শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম বলেন, আমার টিম ২৩ তারিখ থেকে কচিখালী এলাকায় অবস্থান করছে। তারা ওই এলাকায় যায়নি।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, এ বিষয় তার কিছু জানা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।
ইত্তেফাক/বিএএফ
