ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে বজ্রপাতে মিলু (২৭) নামক এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর স্বামীর নাম মামুন মিয়া। বাড়ির পাশে কৃষিক্ষেতে কাজ করার সময় তিনি বজ্রপাতে নিহত হন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এর আগে আরেক ঘটনায় দুপুর দেড়টার দিকে জেলার বাঞ্ছারামপুরে সবুজ মিয়া (২২) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার খাসনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। এ সময় বজ্রপাতের ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে সবুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা দুইজন আহত হন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ইত্তেফাক/নূহু
