আদাবরে গ্যাসের আগুনে দগ্ধ বিল্লালের মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর আদাবরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বাড়িতে গ্যাসের লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে। তিনি স্যানেটারি মিস্ত্রি ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। গত বৃহস্পতিবার রাতে একই ঘটনায় দগ্ধ হয়ে তিনিসহ ছয়জন বার্ন ইউনিটে ভর্তি হন। পাঁচ জন চিকিত্সাধীন রয়েছেন।

মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির পাঁচ নম্বর সড়কের ২৭৩ নম্বর বাড়িতে মোমবাতি জ্বালিয়ে গ্যাসের লাইন ঠিক করা হচ্ছিল। এসময় গ্যাসের লাইনের লিকেজ থেকে হঠাত্ আগুন ধরে যায়। এতে মিস্ত্রি বিল্লাল হোসেন, নিরাপত্তাকর্মী মোনায়েম হোসেন, বাড়িওয়ালার মেয়ে হোসনে আরা, সাত বছরের শিশু নাঈম, গৃহকর্মী লাইলী বেগম ও ভাড়াটে সীমা দগ্ধ হন। ওই রাতেই তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিল্লাল হোসেনের শরীরের ৮৫ ভাগ পুড়ে যায়। শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিত্সাধীন পাঁচজনের মধ্যে নাঈমের শরীরের ২৪ ভাগ, মোনায়েমের ১০, হোসনে আরা ও লাইলীর ৫ এবং সীমার শরীরের ২ ভাগ পুড়ে গেছে