গোপালগঞ্জ-কাশিয়ানী পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২
গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা পর্যন্ত ৪৪ কিলোমিটার নতুন রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলেছে। আজ বুধবার এ রেললাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করে।আগামী মাসে এ রেললাইনের উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন রেলের উর্ধ্বতন কর্মকর্তারা।
 
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা নতুন স্থাপিত রেললাইনের উপর দিয়ে ট্রেনে চড়ে বেলা ১টার দিকে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ স্টেশনে এসে পৌঁছান। এ সময় তারা বিভিন্ন স্থানে থেমে এ রেললাইন ট্রেন চলাচলের উপযোগীতা পরীক্ষা করেন। 
 
বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক খন্দকার শহীদুল ইসলাম বলেন, ‘এ রেললাইন রেল চলাচলের উপযোগী হয়েছে। আগামী মাসের যেকোনো সময় এটি উদ্বোধন করা হবে।’
 
গোপালগঞ্জ চেম্বারের সিনিয়ির সহ-সভাপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, এ রেলপথ জেলার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবে। নিম্ন জলাভূমি বেষ্টিত গোপালগঞ্জে রেললাইন স্থাপন হওয়ায় গোপালগঞ্জবাসী খুবই আনন্দিত। এখন আমরা অল্প খরচে ও নিরাপদে ট্রেনে বিভিন্ন জেলা ভ্রমণ করতে পারবো। এই রেললাইন উদ্বোধনের মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। 
 
ইত্তেফাক/কেকে