সাভারের আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল শিকদারকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্ত রা। বুধবার দুপুরে আশুলিয়া থানা সংলগ্ন ডিইপিজেড (নতুন জোন) এর প্রধান ফটকের সামনে ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্যে দলীয় ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সাইফুল শিকদার ভাদাইল দক্ষিণ পাড়া এলাকার মৃত জামাল উদ্দিন শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিইপিজেড নতুন জোনের প্রধান ফটকের সামনে সাইফুল শিকদার জরুরি কাজে অসেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত সাইফুলের দু’পা, হাত, পিঠ ও ঘারে ৮টি স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে মৃত ভেবে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এনাম মেডিকেলের চিকিৎসকরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিবার সূত্র জানা গেছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও ডিইপিজেডের ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারের জের ধরে সাইফুলকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল শেখ বলেন, তিনি আহত সাইফুলকে নিয়ে সাভার এনাম মেডিকেল রয়েছেন। সাইফুল অচেতন অবস্থায় রয়েছেন। তার জ্ঞান ফিরলে জানা যাবে কারা এ হামলার সঙ্গে জড়িত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শেখ কামরুল ইসলাম বলেন, হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। আটক ১১ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
