ধুনটে বিনাচিকিত্সায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশুটি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৬
হৃদপিণ্ড ছিদ্র জনিত রোগে আক্রান্ত হয়ে তিলে তিলে নিভে যাচ্ছে মীমের জীবন প্রদীপ। মীমের বয়স সাড়ে তিন বছর। এ বয়সে তার খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্ত সময় কাটছে তার মৃত্যুর প্রহর গুনে। জীবন-মৃত্যুর এক অনিশ্চয়তা কেড়ে নিয়েছে তার শৈশবের দুরন্তপনা।
 
জন্মের পর থেকেই মীমের হৃদপিণ্ডে ছিদ্র দেখা দিয়েছে। দ্রুত অস্ত্রোপচার করতে না পারলে অকালে ঝরে যাবে মীমের জীবন। তার চিকিত্সার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা। কিন্তু মীমের ভ্যান চালক বাবা চিকিত্সার খরচ যোগাতে পারছেন না। বিনা চিকিত্সায় সন্তানের নিশ্চিত মৃত্যু জেনে শুধুই চোখের জল ফেলছেন মা-বাবা। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের একটু সহযোগিতা হাসি ফুটাতে পারে এই হতদরিদ্র পরিবারে। এমন আকুতি জানিয়ে মীমের চিকিত্সায় আর্থিক সহযোগিতা চেয়েছেন ওই দম্পতি।
 
মীম খাতুনের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামে। বাবা বুলবুল ইসলাম একজন ভ্যান চালক। মা রতনা খাতুন পরের বাড়িতে কাজ করেন। অভাব অনটনের সংসার। ভাই-বোনের মধ্যে মীম ছোট।
 
মীমের বাবা বুলবুল ইসলাম জানান, ভ্যান চালিয়ে যা রোজগার করে তা দিয়ে তার সংসার টানাপড়েনের মধ্যে চলে। ভ্যান চালাতে না পারলে সেদিন পরিবার পরিজন নিয়ে অনাহারে থাকেন। নিজের ভিটেমাটিও নেই। তাই মেয়ের চিকিত্সা অন্যের সহযোগিতা ছাড়া সম্ভব না।
 
ঢাকা ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের ডা. একে সামস উদ্দিনের তত্বাবধানে রয়েছে মীম। কথা বলতে চাইলে মীমের দম বন্ধ হয়ে আসে। চলাচল করতে পারে না। রোগ যন্ত্রণায় কখনো কখনো শরীর নীলাভ হয়ে যায়।
 
মীমের চিকিত্সা সহযোগিতার আশা করছেন তার মা-বাবা। সাহায্য পাঠাতে পারেন-রূপালী ব্যাংক ধুনট শাখা বগুড়ার হিসাব নং ৫৮৩৫০১০০০১৫৮৬। হিসাবের নাম বুলবুল ইসলাম-০১৭৯৫১৮৫৪৭৫।
 
ইত্তেফাক/এএম