পাবনায় অটোবাইক চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৫
পাবনায় নিখোঁজের দুইদিন পর আতাইকুলায় এক অটোবাইক চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত অটোবাইক চালক মারুফ হোসেন (৪২) পাবনা পৌর এলাকার কালাচাঁদপাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান, গত সোমবার রাতে ব্যাটারিচালিত অটোবাইক চালক মারুফ হোসেন নিখোঁজ হন। তার সন্ধান না পেয়ে পরদিন মঙ্গলবার সদর থানার একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের লোকজন।
 
বৃহস্পতিবার সকালে আতাইকুলা থানার আলোকদিয়ার ব্রিজের নিচে একজনের বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় গলিত মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে থানায় গিয়ে মরদেহটি মারুফের বলে সনাক্ত করে স্বজনরা।
 
ওসি জানান, কারা, কি কারণে আর কিভাবে মারুফকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
 

ইত্তেফাক/এএম