চীন যুক্তরাষ্ট্রের আসন্ন কংগ্রেস নির্বাচনকে প্রভাবিত করছে বলে ট্রাম্পের আনা অভিযোগের জবাব দিয়েছে চীন। দেশটির মুখপাত্র বলেছে, ‘মার্কিন প্রেসিডেন্ট অহেতুক মিথ্যা অভিযোগ আনছে চীনের বিরুদ্ধে।’
ট্রাম্প বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে বলেন, ‘চীন আসছে ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন কংগ্রেস নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।’
ট্রাম্প বলেন, ‘তারা চায় না আমি নির্বাচনে জয় লাভ করি। কারণ আমিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যে চীনের বাণিজ্যকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং এক্ষেত্রে আমরাই জিততে চলেছি।’
এ জবাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সুয়াং বলেন, ‘বেইজিং কখনও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।’
‘আমরা যুক্তরাষ্ট্রকে বলবো, এ ধরনের মিথ্যা অভিযোগ আনা বন্ধ করুন। এসব বাজে কথা দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে’ বলেন চীনা দূত।
ইত্তেফাক/টিএস
