কুষ্টিয়ায় ডাকাত নিহত
g টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত ইয়াবা কারবারী জিয়াউর রহমান (৩৪) নামে একজন নিহত হয়েছেন। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানা পুলিশের হাতে আটক হওয়া জিয়াউর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১নং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি। গতকাল গভীর রাতে পুলিশ নোয়াখালী পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় জিয়াউরকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। এতে এসআই শরীফুল, কনস্টেবল ছোটন দাশ ও মেহেদী হাসান আহত হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজন, একটি বিদেশি অস্ত্র ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিয়াউরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু (৪৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে এমন খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার টহল পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনার জন্য পৌঁছায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে ঠান্ডুকে গুলিবিদ্ধ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাত দলের ছোঁড়া গুলিতে চারজন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়ে। নিহত ঠান্ডুর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।
