দুর্ঘটনাবশত নিজের উরুতেই গুলি করেছেন ভারতীয় বিমান বাহিনীর(আইএএফ) ভাইস চিফ এয়ার মার্শাল এসবি দেও। তাকে দ্রুততার সঙ্গে তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার এই ঘটনা ঘটে।
আইএএফ সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই এয়ার মার্শালকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করে দেন চিকিৎসকরা। তার অবস্থা এখন স্থিতিশীল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কাজ সেরে বাড়িতে ফেরার পর দুর্ঘটনাটি ঘটে। হাতমুখ ধুতে যাওয়ার আগে, কোমর থেকে পিস্তল খুলে ঘরের টেবিলের ওপর রাখতে যান দেও। তখনই বেকায়দায় ট্রিগারে হাত পড়ে যায়। তার উরুতে এসে লাগে গুলি।
২০১৭ সালের জানুয়ারিতে দেও ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বিমান বাহিনী থেকে কোনো বিবৃতি দেয়া হয় নি। চলতি মাসের শেষে অবসর গ্রহণের কথা রয়েছে তার। -এনডিটিভি, দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ইত্তেফাক/ জেআর
