আমরা কোন ‘কলা প্রজাতন্ত্র’ নই: কানাডাকে সৌদি আরব

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১
গ্রেপ্তারকৃত নারী অধিকারকর্মীদের মুক্তির আহবান জানানোয় কানাডাকে ক্ষমা চাইতে বলেছে সৌদি আরব। সৌদি আরো জানিয়েছে, তারা কোন কলা প্রজাতন্ত্র নয়। কানাডা যদি তাদের সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধের অবসান ঘটাতে চায় তাহলে তাদের সঙ্গে কলা প্রজাতন্ত্রের মতো আচরণ বন্ধ করতে হবে। 
 
সৌদির পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল-জুবেইর বুধবার নিউ ইয়র্ক সিটিতে বৈদেশিক সম্পর্ক বিষয়ক এক পরিষদে বলেন, আমরা কানাডার দেশীয় রাজনীতির কোন রাজনৈতিক ফুটবল হতে চাই না। খেলার জন্য অন্য কোন বল খুঁজে নিন। 
 
তিনি বলেন, এটা খুবই সহজ। ক্ষমা প্রার্থনা করুন এবং বলুন যে আপনারা একটি ভুল করেছেন। 
 
প্রসঙ্গত, আগস্টে কানাডার সঙ্গে নতুন বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে সৌদি আরব। বন্ধ করে দিয়েছে শস্য আমদানি। বহিষ্কার করেছে কানাডার রাষ্ট্রদূতকে।এমনকি কানাডার রাজধানী অটোয়া থেকে সকল সৌদি শিক্ষার্থীকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে সৌদি আরব। ওই মাসে কয়েকজন নারী অধিকারকর্মীদের গ্রেপ্তারের পর  কানাডা তাদের মুক্ত করে দেওয়ার আহবান জানালে এসব পদক্ষেপ নেয় সৌদি। 
 
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আল-জুবেইর এর সঙ্গে বৈঠকে বসার প্রত্যাশা করেছিলেন। কিন্তু তা কখনোই হয়নি। 
 
সৌদি পররাষ্ট্রমন্ত্রী অধিকারকর্মীদের গ্রেপ্তারে কানাডার সমালোচনাকে ‘ভয়ানক’ বলে  বর্ণনা করেন। উল্লেখ্য, কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, তারা সৌদি আরবে অধিকারকর্মীদের গ্রেপ্তারে গভীরভাবে উদ্বিগ্ন। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর