নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘দেশের ৯০ ভাগ মানুষ সরকারের দেওয়া সড়ক আইন মানছে না। ফলে প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনা। তার মধ্যে রয়েছে আমাদের মাঝে সড়ক আইন সম্পর্কে অসচেতনতা ও অজ্ঞতা।’
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ আলীগঞ্জস্থ পিটিআই হল রুমে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগে আমাদের বাবা-মাকে শিখতে হবে। আর বাবা-মাকে শিখালে তার শিশু সন্তানরা শিখবে। শিক্ষকরা মূলত বাবা-মায়ের মতোই। তারা শিক্ষকদের কথাই বেশি শুনে থাকে। সে জন্য আমরা প্রাইমারি পর্যায়ে শিক্ষকদের সড়ক আইন সম্পর্কে ধারণা দিচ্ছি। আর এ শিক্ষকরাই শিশু শিক্ষার্থীদের মাঝে এর ধারণা ছড়িয়ে দিলে সড়ক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে। এতে করে কমে আসবে সড়ক দুর্ঘটনার মতো মারাত্মক দুর্ঘটনা।’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমাদের সঠিক নিয়ত থাকতে হবে। যদি আমাদের মাঝে সঠিক নিয়ত থাকে তাহলে আমরা এই নিয়তের ওপর কাজ করলে সাফল্য অর্জন করতে পারব। আর অন্য কোন নিয়ত থাকলে আমরা কখনো সফল হব না। আর আমাদের বলতে হবে না ‘আল্লার মাল আল্লাই নিয়ে গেছে।’
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলে পরিচালনায় শিক্ষক কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- নিসচা’র কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহসান হাবীব অরুন, পিটিআই সুপার মো. জয়নাল আবেদীন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, চাঁদপুর বি আর টি এ সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, নিরাপদ সড়ক চাই আন্দোলনের হাজীগঞ্জ উপজেলা আহ্বায়ক এসএম চিশতী, সদস্য সচিব মহিউদ্দিন আল আজাদ।
ইত্তেফাক/বিএএফ
