‘প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৬
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘একটি ছোট্ট দেশের প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনা মহৎ কর্মের মাধ্যমে ঈর্ষণীয়ভাবে বিশ্বনেত্রী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। আজ বিশ্বনেতারাও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রশংসায় পঞ্চমুখ।’
 
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা নিরাপদ থাকলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবেন।’ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি একটি মহল আবারো ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আপামর জনগণ তাদের সে ষড়যন্ত্র সফল হতে দেবে না।’
 
তিনি আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম। তিনি বলেন, ‘শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজকে তাঁর নেতৃত্বে বিশ্বে একটি রোলমডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
 
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র দেবাশীষ পালিতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. মঈনুদ্দিন, ফখরুদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ইউনুস গণি চৌধুরী প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই