চৌদ্দগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১
কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ে মনোয়ারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের মরহুম আবদুল মতিনের স্ত্রী। শুক্রবার দুপুরে মনোয়ারা বেগমের জামাতা হারুনুর রশীদ ঘটনাটি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, শুক্রবার সকালে মনোয়ারা বেগমের ব্যবহৃত মোবাইলে কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে পাশের ঘরে কল করলে তারা গিয়ে দেখেন মনোয়ারা বেগমের লাশ মেঝেতে পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে-বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভ্রাটের সময় জ্বালানো বাতির আগুনে তার মৃত্যু হয়েছে।
 
জামাতা হারুনুর রশীদ আরও জানান, মনোয়ারা বেগমকে শুক্রবার সকালে চৌদ্দগ্রাম বাজারে ডাক্তার দেখিয়ে চিওড়া ইউনিয়নের লতিফ শিকদার গ্রামে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এর আগেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে।
 
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান জানান, ‘বাতি জ্বালানোর সময় পড়ে যাওয়া কেরোসিনের আগুনে পুড়ে মনোয়ারা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।'
 
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘কুপি বাতির আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য স্বজনদের অনুমতি দেয়া হয়েছে।'
 
ইত্তেফাক/আরকেজি