১০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৯
কুমিল্লার দেবিদ্বারে ১০ টাকার নোটের লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার পৌরসভার মোহনা আবাসিক এলাকার পরিত্যক্ত একটি নির্জন বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে দেবিদ্বার পৌর এলাকার কাজী বাড়ির কাজী আশিকুর রহমানকে (১৬) আসামি করে মামলা দায়েরের পর শুক্রবার তাকে গ্রেপ্তার ক করেছে পুলিশ।
 
পুলিশ, শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলা সদরের ছোট আলমপুর এলাকার এক রিকশাচালকের ৫ বছরের শিশুকে বাসায় রেখে অন্যের বাড়িতে কাজ করতে যায় ওই শিশুর মা। বিকালে শিশুটিকে রাস্তায় একা দেখে দেবিদ্বার পৌরসভার মোহনা আবাসিক এলাকার কাজী খোকনের ছেলে কাজী আশিক তাকে ১০ টাকার নোট দেওয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
 
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবা আলম জানান, শিশুর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শিশুর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক কাজী আশিকুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আশিক শিশুটিকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/বিএএফ