প্রধানমন্ত্রীর জন্মদিনে শরণখোলায় ৫৪০টি মসজিদ ও ২৬টি মন্দিরে দোয়া-প্রার্থনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৩
বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট-৪ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী এইচ এম বদিউজ্জামান সোহাগ। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার ৫৪০টি মসজিদে দোয়া এবং একইসঙ্গে ২৬টি মন্দিরে প্রার্থনা করা হয়। 
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির বাবুল জানান, দোয়া ও প্রার্থনায় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি তৃণমূলের ৮০ ভাগ মানুষের কাছে আস্থাভাজন ও গ্রহনযোগ্য ব্যক্তিত্ব কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ যাতে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে মনোনয়ন পান সে দোয়াও করা হয়। 
 
উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের দোয়া অনুষ্ঠানের দায়িত্বে থাকা জেলা যুবলীগের সদস্য মো. আজমল হোসেন মুক্তা জানান, শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের ৫৪০টি মসজিদ ও ২৬টি মন্দির এবং মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ১৩৫৩টি মসজিদ ও ৭৫টি মন্দিরে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে তার সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বদিউজ্জামান সোহাগ মোরেলগঞ্জ পৌর সদরের কেন্দ্রীয় জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
 
ইত্তেফাক/নূহু