বেনাপোলের বারপোতা সীমান্তের রহমতপুর এলাকা থেকে ৫শ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ শফিকুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সে পুটখালি গ্রামের নুর ইসলামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল সীমান্ত পথে একটি স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পারে বিজিবি। এমন সংবাদে রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার একদল বিজিবি সদস্য নিয়ে বারপোতা বালুন্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্তিতি টের পেয় চোরাচালানীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আটক করা হয় শফিকুলকে।
তার কাছ থেকে জব্দ করা হয় ২১লাখ ৫০হাজার টাকা মূল্যের ৫টি স্বর্ণের বার। মাসিক ২৫ হাজার টাকা চুক্তিতে স্বর্ণের চালান পাচার করে আসছিল বলে জানায় পাচারকারী শফিকুল।
জব্দকৃত স্বর্ণগুলি বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হবে। আসামিকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
ইত্তেফাক/নূহু
