ইরানের একটি ‘গোপন পারমাণবিক গুদাম’ রয়েছে বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, নেতানিয়াহুর কথায় বিশ্বে হাসির রোল পড়ে যাবে।
বৃহস্পতিবার জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনের তৃতীয় দিন বক্তব্য দেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, গোপন একটি পারমাণবিক কেন্দ্র চালাচ্ছে ইরান। এটি রাজধানী তেহরানে অবস্থিত। প্রমাণ হিসেবে একটি স্যাটেলাইট চিত্র উপস্থাপন করেন নেতানিয়াহু। সেখানে একটি দেয়াল ও ধাতব গেট দেখা যায়।
নেতানিয়াহু দাবি করেন, এটি ইরানের সেই গোপন পারমাণবিক কেন্দ্রের বাইরের দিক। তিনি বলেন, ‘ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যবহূত বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও উপকরণ সংরক্ষণের জন্য একে গোপন পারমাণবিক গুদাম হিসেবে ব্যবহার করা হয়।’
নেতানিয়াহুর স্যাটেলাইট চিত্রকে ‘কলা ও কারুশিল্প প্রদর্শন’ হিসবে বর্ণনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ।
এদিকে, নেতানিয়াহুর এ বক্তব্যকে মিথ্যা ও হাস্যকর বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেন, ‘এ ধরনের মিথ্যা, অর্থহীন ও অনর্থক বক্তব্য শুনলে বিশ্বে শুধু হাসিরই রোল পড়ে যাবে।’
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকেই পারমাণবিক তৎপরতা পর্যবেক্ষণকারী সংগঠন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলে আসছে, পারমাণবিক তত্পরতা সীমিত করতে সমন্বিত কর্ম পরিকল্পনা মেনে চলছে ইরান।
সর্বশেষ গত আগস্টে প্রকাশিত ত্রিমাসিক প্রতিবেদনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরান তাদের শর্ত অনুযায়ী সীমিত ইউরেনিয়াম তৈরি ও মজুদ রেখেছে। তবে এ কথা মানতে রাজি নয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরাইল।
পারমাণবিক গুদামের অস্তিত্ব থাকার অভিযোগটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আইএইএ’কে আবারো আহ্বান জানান নেতানিয়াহু। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর
