ফরিদপুর সদর উপজেলার ব্রাম্মনকান্দা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরাফাত হোসেন জুয়েল ওরফে ভাগনে জুয়েলকে (৩৮) সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। জুয়েল ব্রাম্মনকান্দা গ্রামের মৃত মুনসুর মোল্যার ছেলে। তার নারী সহযোগির নাম ফারজানা আক্তার (২৮)। অপর সহযোগির নাম আরিফুল ইসলাম ওরফে আজিম শেখ (২৮)। তিনি শহরের গোয়ালচামট ১ নং সড়কের মো. মঙ্গল শেখের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী ভাগনে জুয়েল ঢাকার শীর্ষ সন্ত্রাসী ফাঁসির আসামি টিভিএস বাবুর অন্যতম সহযোগী। ১ বছর আগে টিভিএস বাবুর সঙ্গে ঢাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করেছিল। ৫ মাস পূর্বে জামিনে বের হয়ে এসে ফরিদপুরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল জুয়েল। তার বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকার সাভার থানায় হত্যা, অস্ত্রসহ মোট ৬টি মামলা রয়েছে। তার নারী সহযোগী ফারজানার বিরুদ্ধে ফরিদপুর ও সাভারে চারটি মাদক মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
