নওগাঁয় ডাকাতসহ আটক ১১

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৯
নওগাঁয় পাঁচ ডাকাতসহ মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার পুলিশের দুটি দল পৃথকভাবে অভিযান পরিচালনা করে ঢাকা, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও নওগাঁ তাদের আটক করে।
 
শনিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন।
 
আটককৃতরা হলো- ডাকাত বগুড়ার আলমগীর হোসেন পান্না, বুলবুল হোসেন ও রুহুল আমিন, মাদারীপুরের রেনু খাঁ, ফরিদপুরের রাম চন্দ্র মজুমদার। এছাড়া মোটরসাইকেল চোরচক্রের সদস্য বগুড়ার রাজন, সুজন, স্বপন এবং নওগাঁর মনোয়ার হোসেন, স্বপন ও নান্টু।
 
কয়েকদিন আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ৫০০ বস্তা ফিড (মুরগির খাদ্য) ট্রাকে ডাকাতি করে ডাকাত দল। এরপর পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে আলমগীর হোসেন পান্নাকে আটক করে। তার দেয়া তথ্যে মতে জয়পুরহাটের ক্ষেতলাল থেকে ট্রাকসহ ১০০ বস্তা ফিড উদ্ধার করে। বাঁকি মালামালগুলো বিক্রি করে দিয়েছে বলে জানিয়েছে।
 
এদিকে নওগাঁর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় মোটরসাইকেল চুরি হচ্ছিল। দীর্ঘ তদন্ত ও অনুসন্ধান করে মোটরসাইকেল চোরচক্রের ৬জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
 
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, আসামিরা ডাকাত এবং চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তারা সংঘবদ্ধ পেশাদার ডাকাত ও মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরি মামলা আছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি