পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে টিকেট মাস্টার নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৪
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৪৫) নামের পঞ্চগড়-রুহিয়া বাসস্ট্যান্ডের এক টিকেট মাস্টারের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে পঞ্চগড় ট্রেন স্টেশনের সিগ্যনাল পয়েন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রমজান পঞ্চগড় জেলা সদরের ধাক্কামারা সিঅ্যান্ডবি মোড় এলাকার আবুল কাশেমের ছেলে। 
 
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে রমজান সকালে পরিবারের লোকজন ও প্রতিবেশিদের আত্মহত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। শনিবার দুপুরে পঞ্চগড় রেল স্টেশন থেকে পার্বতীপুরগামী কাঞ্চন এক্সপ্রেস ছেড়ে গেলে স্থানীয়রা রমজানের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। রমজান দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন এবং আত্মহত্যার জন্য ট্রেনের নিচে ঝাপ দিতে পারে বলে স্থানীয়দের ধারণা।  
 
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. ইজারউদ্দিন জানান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছি। 
 
দিনাজপুর রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে পঞ্চগড় রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. বজলুর রহমান জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে