কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) একাধিক টিম আজ শনিবার জেলার আদর্শ সদর ও চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, হুইস্কি, ফেনসিডিল, গাঁজা, বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট ও গার্মেন্টস সামগ্রী জব্দ করে।
আটককৃতরা হচ্ছে- জেলার আদর্শ সদর উপজেলার শাহাপুর গ্রামের হাবিল মিয়ার ছেলে শরীফ (৩০) এবং চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলী গ্রামের খোরশেদ আলমের ছেলে নজরুল ইসলাম (২৮)।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, ইয়াবা ট্যালেটসহ আটককৃত মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আটক শরীফকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ১৩ হাজার ৯শ’ টাকা বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
