ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের একদিন পর আরিফ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কান্দাপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একই এলাকার মুর্শেদ ও সাগরকে আটক করেছে পুলিশ।
নিহত আরিফ ওই এলাকার আল-আমিন মিয়ার ছেলে ও কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ হয়েছিল।
পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে নিহত আরিফের বাড়ি থেকে ৩০ হাজার টাকা চুরি করে প্রতিবেশী মুর্শেদ। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে সে টাকা ফেরৎ দেয়। এই ঘটনার পর থেকে আরিফসহ তার পরিবারের সদস্যরা মুর্শেদকে দেখলে প্রায়ই চোর বলে গালমন্দ করত। এতে সে ক্ষুব্ধ হয়ে শিশু আরিফকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আরিফ হত্যার ঘটনায় মূলহোতা মুর্শেদ ও তার সহযোগী সাগরকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ
