ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বামীর সাথে অভিমান করে দুই সন্তানকে বিষ খাইয়ে পরে নিজে বিষ পান করেছেন। এতে মা ও এক সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাগি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল- ওই এলাকার জয়ধর মল্লিকের স্ত্রী এলন মল্লিক (২৫) ও তাদের ছেলে রন্তিম মল্লিক (৫)।
ভলাকুট ইউপি চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, শুক্রবার বিকেলে এলন মল্লিক তার বাবার বাড়ি বেড়াতে যেতে চেয়েছিলেন। কিন্তু তার স্বামী কয়েক দিন যাবার কথা বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর তার স্বামী বাড়ি থেকে বের হয়ে গেলে সন্ধ্যায় এলন মল্লিক ঘরের দরজা বন্ধ করে ২ শিশু সন্তানসহ নিজে ঘরে থাকা ইঁদুর মারার বিষ পান করেন। এ সময় সন্তানদের চিৎকারে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে মা-ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় রন্তিম মল্লিক এবং রাত সাড়ে ১২টায় মা এলন মল্লিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরেক সন্তান অন্তিম মল্লিক (৭) হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ
