রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখলেন রুশ ব্লগাররা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪১
বাংলাদেশ সফরকালে পাবনার ঈশ্বরদীতে নির্মিয়মান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শনিবার পরিদর্শনে করেছেন বিশিষ্ট চার রুশ ব্লগার। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে রাশিয়ার জনগণের সামনে তুলে ধরা এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্র যোগ করার লক্ষ্যে এই সফরের আয়োজন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন- রসাটমের প্রকৌশল শাখা এএসই গ্রুপ অব কোম্পানিজ। যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।
 
প্রকল্প এলাকায় ব্লগারদের স্বাগত জানান সেখানে কর্মরত বাংলাদেশি এবং রুশ কর্মকর্তারা। তাদেরকে ইউনিট-১ এবং ইউনিট-২ এর অধীনে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ঘুরে দেখানো হয় এবং প্রকল্পের ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়।
 
এএসই গ্রুপ অব কোম্পানিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ইন্টারন্যাশনাল প্রজেক্টস আলেক্সান্দার খাজিন বলেন, ২০৪১ সালে একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের পথ পরিক্রমায় বাংলাদেশে সবুজ ও নির্মল এনার্জির চাহিদা বহুগুণ বৃদ্ধি পাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই চাহিদা মেটাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
 
সফরকালে ব্লগাররা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্থাপনা পরিদর্শন করার পাশাপাশি এদেশের জনগণ, জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবেন। অর্জিত অভিজ্ঞতা তারা তাদের ব্লগের অনুসারীদের সঙ্গে শেয়ার করবেন। 
 
রুশ ব্লগাররা হলেন- আলেগ ক্রিকেট, দিমিত্রি লাজিকিন, ইরিনা গোল্ডম্যান এবং নিকিতা  তেতেরেভ। ইনস্টাগ্রামে তাদের মোট অনুসারীর সংখ্যা ১৬ লাখ। 
 
ব্লগার আলেগ বলেন, রূপপুর সাইটে বিশাল কর্মযজ্ঞ চলছে, কাজের পরিবেশটাও দারুণ। আমার কাছে খুবই ভালো লেগেছে এটা দেখে যে কিভাবে রুশ এবং বাংলাদেশিরা কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে কাজ করে যাচ্ছেন। 
 
ইত্তেফাক/জেডএইচ