ন‌ওগা‌ঁর সাপাহারে বাসের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫১
নওগাঁর সাপাহারে যাত্রীবাহী বাসের ধাক্কায় বীরেন পাহান (৩০) নামে এক ভ‍্যান চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় রতন গুঞ্জার (২৬) নামের এক যাত্রী আহত হয়েছেন।
 
শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাপাহার-খঞ্জনপুর সড়কের তালকুড়া মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
 
নিহত বীরেন পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার আদিবাসীপাড়ার যোগো পাহানের ছেলে। আহত রতন সাপাহার সদরের তুড়ী পাড়ার মুকুল গুঞ্জারের ছেলে ।
 
জানা গেছে, বীরেন পাহান ও রতন তাদের ব্যান্ডদলের বাজনা বাজান। তারা উপজেলার খঞ্জনপুর আদিবাসীপাড়ায় একটি বিয়ে বাড়িতে বাদ্য বাজানো শেষে  সন্ধ‍্যায় তাদের ভ্যানযোগে সাপাহার হয়ে গ্ৰামের বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আশড়ন্দ বাজারগামী এক যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাপায় ভ্যান চালক বীরেন পাহান ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা রতন গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আলম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তি আশঙ্কামুক্ত। ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
 
ইত্তেফাক/নূহু