মাটিরাঙ্গা হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালিয়েছে ছাত্রলীগ নেতা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০১:১১
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দিবাগত রাতে স্ত্রীর মৃতদেহ রেখে পালিয়ে গেছে গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরি (ওম)। স্বজনদের অভিযোগ, সাগর তার স্ত্রী মাধবী রাণী রায় পিংকিকে (২৫) নির্যাতন করে হত্যা করেছে। পুলিশ তাকে ধরতে চেষ্টা চালাচ্ছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, গুইমারার দার্জিলিং টিলার বাসিন্দা মৃত নিরঞ্জন চৌধুরির দ্বিতীয় স্ত্রীর পুত্র ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরি শনিবার বিকালে স্ত্রী মাধবী রাণী পিংকিকে বেদম মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যার পর মাধবীর অবস্থা আরও খারাপ হয়ে পড়লে সাগর তাকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পথিমধ্যে মাধবী মারা যান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কক্ষে স্ত্রীর মৃতদেহ রেখে তিনি পালিয়ে যায় সাগর। 
 
মৃতদেহ পড়ে থাকতে দেখে কর্তব্যরত ডাক্তার আনিসুল হক মাটিরাঙ্গা থানায় খবর দিলে পুলিশ এসে মাধবীর লাশ উদ্ধার করে।
 
জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর ২০১৭ সালের ১০ ডিসেম্বর ফেনীর ফুলগাজি উপজেলার সতেশপুর নতুন মুন্সিরহাট গ্রামের মৃত স্বপন কুমার রায়ের কন্যা পিংকির সঙ্গে বিয়ে হয় সাগরের। পিংকি এমএসসি পাস। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে, সাগর এসএসসি পাসও করেনি। ছাত্রলীগের নেতা হিসেবে কিছু ঠিকাদারি কাজ করেন তিনি।
 
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্যে বনিবনা ছিল না। প্রায় সময় সাগর পিংকিকে মারধর করতো। কিছুদিন আগেও অমানুষিকভাবে পিংকিকে নির্যাতন করে সাগর। এ কারণে উচ্চ শিক্ষিতা স্ত্রী পিংকি গুইমারায় স্বামীর বাড়িতে আসতেন না।
 
দেন-দরবার করে সপ্তাহখানেক আগে সাগর তাকে নিয়ে আসে। শনিবার বিকালে দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। এক পর্যায়ে সাগর তাকে বেদম মারধর করে। মাটিরাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে মারা গেলে সাগরের পরিবার থেকে এলাকায় প্রচার করা হয় পিংকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, গলায় ফাঁসের চিহ্ন বা আত্মহত্যার কোন আলামত দেখা যায়নি। তবে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।
 
এদিকে, স্ত্রীর মৃতদেহ রেখে পালিয়ে গা ঢাকা দিয়েছেন ছাত্রলীগ নেতা সাগর। পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে হানা দিয়েও পাচ্ছে না।
 
রামগড় সার্কেলের সহকারি পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে পিংকির  শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখাগেছে।
 
তিনি বলেন, সাগর গা ঢাকা দেওয়ায় পুলিশ তাকে এখনও ধরতে পারেনি। লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
তিনি আরও জানান, পিংকির অভিভাবকরা রবিবার ফেনী থেকে গুইমারায় এসে মামলা করার কথা।
 
ইত্তেফাক/নূহু