ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকার নাগরনদী থেকে সাহিদুর রহমান (২৭) নামের এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার হরিনমারী গ্রামের খতিব উদ্দিনের ছেলে সাহিদুর রহমানসহ কয়েকজন মিলে রত্নাই সীমান্তের ৩৮২ নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ১৭১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাহিদুর রহমান আহত হন।
প্রাণ ভয়ে বাকিরা সাহিদুরকে নদীতে ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ সাহিদুরকে খুঁজতে থাকে। পরে রাত ১১টায় ৩৮২ নং পিলার এলাকার আমতলী গ্রাম সংলগ্ন নাগরনদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া না গেলেও বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন দাস জানান, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি সাহিদুর রহমান গুলিবিদ্ধ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত ভাবে বলা যাবে।
ইত্তেফাক/এএম
