খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়ার ৩ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য যাতায়াতে চরম ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকা করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সূত্র মতে, উপজেলার অবহেলিত ইউনিয়নগুলোর মধ্যে গড়ইখালী অন্যতম। নদী-খাল বেষ্টিত সুন্দরবন ঘেঁষা এ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা এখনও অনুন্নত রয়ে গেছে। বিশেষ করে অভ্যন্তরীণ সড়কগুলো বেশিরভাগ কাঁচা রয়েছে। যার মধ্যে পাতড়াবুনিয়া সড়ক অন্যতম। রেজাউল সরদারের বাড়ি ও পাতড়াবুনিয়া সরদার বাড়ি হতে চৌমুহনী বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক এখনো কাঁচা রয়েছে। এলাকার ঐতিহ্যবাহী মিনহাজ নদী এক সময় অত্র এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল। নদীপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সড়ক পথই এলাকাবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম। ফলে সড়কটি কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে যাতায়াতে চরম ভোগান্তি পেতে হয় এলাকাবাসীকে।
একদিকে নদী পারাপার অন্যদিকে অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা হওয়ায় যাতায়াতে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা।
খড়িয়া বাসাখালী গ্রামের কলেজ ছাত্রী লতা মণ্ডল জানান, প্রতিদিন কলেজে যেতে কয়েক ঘণ্টা পথে চলে যায়। অনেক সময় খেয়ার জন্য ঘণ্টারপর ঘণ্টা অপেক্ষা করতে হয়। আবার খেঁয়া পার হতে পারলেও বর্ষা হলে কাঁচা রাস্তা পাড়ি দিয়ে কলেজে যেতে কয়েক ঘণ্টা লেগে যায়। এতে আমরা বেশিরভাগ শিক্ষার্থীরা ঠিকমত স্কুল-কলেজে যেতে পারি না। পড়াশুনাও মারাত্মকভাবে ব্যাহত হয়।
পাতড়াবুনিয়া গ্রামের রউফ বিশ্বাস জানান, সড়কের বেহাল অবস্থার কারণে এ রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করে না। অথচ এটি অত্র এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক। ফলে একদিকে যেমন যাতায়াতে ভোগান্তি হয়, অপর দিকে বিভিন্ন মালামাল মাথায় করে আনা-নেওয়া করতে হয়। এলাকাবাসীর দাবি দ্রুত সড়কটির যথাযথ উন্নয়ন করা হোক।
এ ব্যাপারে সংশ্লিষ্ট গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস বলেন, সড়কটির উন্নয়নে ইতিমধ্যে সংসদ সদস্য শেখ মো. নূরুল হকের নিকট তালিকা প্রেরণ করা হয়েছে। এমপি মহোদয়ের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে সড়কটির পাকা করণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় এ জনপ্রতিনিধি।
ইত্তেফাক/জেডএইচ
