বগুড়ার সোনাতলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ও থানায় কর্তব্যরত অফিসার এএসআই আশরাফুল ইসলাম জানিয়েছেন, গত শনিবার গভীর রাতে সোনাতলা-মোকামতলা রোডে সোনাতলা উপজেলার অন্তর্গত ঝিনারপাড়া নামক স্থানে ফাঁকা রাস্তায় কলাবাগানের কাছে একদল ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রাস্তায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই রাস্তায় টহলরত পুলিশরা টের পেলে ডাকাতরা পালিয়ে যাচ্ছিল। পুলিশ ডাকাতদের ধাওয়া করে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- শিবগঞ্জ উপজেলার গাংনগর গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুল হক (৫৫), মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৫), লাল মিয়ার ছেলে সোনা মিয়া (৩৫), মানকর গ্রামের মৃত ধলূ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪০) ও মির্জাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সুজন (২৫)। গ্রেপ্তারের সময় পুলিশ তাদের কাছ থেকে ৫টি মুখশ ও রামদাসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ব্যাপারে রবিবার সোনাতলা থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে
