মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৫
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় আবুল কালাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন।
 
আজ রবিবার সকালে শিবালয় উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম রাজবাড়ি জেলার চরদৌলতদিয়া এলাকায় শেখ মোহাম্মদ বেপারীর ছেলে।
 
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আমীর হোসেন জানান, সকালে পণ্যবোঝাই একটি ট্রাক পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাটে যাওয়ার সময় ওই মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন। অপর দুই আরোহী গুরুতর আহত হন। এসময় ঘাতক ট্রাকটিকে আটক করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে