বদলগাছীতে বেত্রাঘাতে স্কুলছাত্রের চোখ জখম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৫
নওগাঁর বদলগাছীতে শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্রের চোখ জখম হয়েছে। জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বেলা ২ টায় উপজেলার আধাইপুর ইউপি’র বেগুনজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. নাদিম হোসেন স্কুল সংলগ্ন বাড়িতে টিফিন খাওয়ার জন্য যায়। এতে প্রধান শিক্ষক মো. শাহরিয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে মো. নাদিম হোসেনকে মারপিট করে। ছাত্রের আর্তচিৎকারে অন্যান্য শিক্ষক ও এলাকার লোকজন ছুটে এসে তাকে ওই শিক্ষকের কাছ থেকে উদ্ধার করে। মো. নাদিম হোসেন বাম চোখে গুরুতরভাবে আঘাত পায়। 
 
ছাত্র নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী প্রধান শিক্ষক শাহরিয়ার হোসেনকে স্কুলের অফিস কক্ষে জিম্মি করে রাখেন। আহত ছাত্রকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। 
 
বদলগাছী হাসপাতালের আরএমও রুহুল আমীন বলেন, শিশুটির চোখে আঘাতের পরিমান বেশি হওয়ায় এবং আমাদের হাসপাতালে চোখের ডাক্তার না থাকায় তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
 
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এবং উপজেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান হাসপাতালে শিশুটিকে দেখতে যান। উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষকের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর গ্রামবাসী ওই প্রধান শিক্ষককে জিম্মি দশা থেকে মুক্তি দেয়। 
 
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান জানান, বিষয়টি নিয়ে আমি মর্মাহত এবং ওই শিক্ষকের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মো. নাদিম হোসেন বেগুনজোয়ার গ্রামের নান্নু রহমানের ছেলে বলে জানা যায়।
 
ইত্তেফাক/কেকে