কেন্দুয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৬
নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের শান্তিবাগ মহল্লায়স্ত্রী কণিকাকে নির্যাতনের অভিযোগে স্বামী কিশোর শর্মাকে গ্রেপ্তার করে রবিবার সকালে নেত্রকোনা আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে স্বামী কিশোর শর্মার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিত কণিকা শর্মা। 
 
জানা গেছে, বিগত ১৯৯৭ সালের ৪ ডিসেম্বর পৌর এলাকার আরামবাগ মহল্লার বাসিন্দা মৃত হরে কৃষ্ণ শর্মার কন্যা কণিকা শর্মার সঙ্গে শান্তিবাগ মহল্লার মৃত যোগেন্দ্র শর্মার ছেলে কিশোর শর্মার সনাতন ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই কিশোর তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার বিভিন্নভাবে চাপ সৃষ্টি করত। সুখে-শান্তিতে স্বামীর সংসার করার জন্য কণিকা বিভিন্ন সময়ে তার বাবার বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকা স্বামীকে এনে দেন। 
 
কেন্দুয়া থানা পুলিশ কিশোর শর্মাকে রবিবার সকালে আদালতে পাঠানোর পরপরই দুপুরের দিকে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে দুই সন্তান নিয়ে সংবাদ সম্মেলন করেন কণিকা শর্মা। 
 
কেন্দুয়া থানা পুলিশের এসআই ও মামলার দতন্তকারী কর্মকর্তা নোমান সাদেকীন বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী কিশোর শর্মাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে