নন্দীগ্রামে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৬:৪৭

বগুড়ার নন্দীগ্রামে এক মাদ্রাসার ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘটনার সঙ্গে জড়িতরা। 

মঙ্গলবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে উপজেলা সদর ইউনিয়নের রনবাঘা কৈগাড়ী গ্রামের কাওছার আলী (১৯) ও হাসু মিয়া (২২) নামে দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করছিল সে। এ সময় একই গ্রামের কাওছার ও হাসু মিয়া তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে ভ্যানে তুলে নেয়। এরপর মাঠের মধ্যে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে দুইজন মিলে ধর্ষণের চেষ্টা করে। লোকলজ্জা ও ভয়ে মেয়েটি প্রথমে এ ঘটনা তার পরিবারকে জানায়নি। কিন্তু পরে সে তার মা’র কাছে ঘটনাটি প্রকাশ করে।

আরও পড়ুন: টেকনাফে ‌‌‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মেয়েটির বাবা বলেন, কাওছারের বাবা এ ঘটনায় মামলা না করতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং মিমাংশার কথাও বলছে। বিচারের দাবিতে মেয়েটির বাবা থানায় অভিযোগ করেছেন।

বুধবার এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/কেকে