পাবনায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১২:০৫
পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা আবুল হোসেন ওরফে আবু নকশাল (৫৫) নিহত হয়েছেন। সোমবার ভোর তিনটার দিকে সদর উপজেলার ধোপাঘাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
 
পুলিশের দাবি, আবুল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল লাল পতাকার পাবনা জেলা কমান্ডার। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৯টি মামলা রয়েছে। আবু নকশাল সদর উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের মৃত গোলাম উদ্দিনের ছেলে।
 
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গত ৩০ সেপ্টেম্বর আবুল হোসেন ওরফে আবুলকে পূর্ব রাঘবপুর থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তার সহযোগিদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ মজুদ রয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য সোমবার রাত তিনটার দিকে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ।
 
পুলিশের আভিযানিক দল সদর উপজেলার ধোপাঘাটা বড় ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছামাত্র আবুলকে ছিনিয়ে নিতে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এর মাঝে আবুল ওরফে আবু কৌশলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুলিবিনিময়ের এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি