ফরিদপুরের বোয়ালমারীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল চিতেঘাটা নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের দেলোয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলফাডাঙ্গা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী চন্দ্রনাথ নামের একটি বাস উপজেলার চতুল চিতেঘাটা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তা সংলগ্ন বারাশিয়া নদীতে পড়ে যায়। এ সময় তরিকুল মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ৩০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে গুরুত্বর আহত ডাবলু শেখ (১৮), মহসিন সিকদার (৫০) ও রত্নাকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস থেকে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
