সাভারে বিএনপির আটক ২০ নেতাকর্মীকে আদালতে প্রেরণ

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৯:১৫
বিএনপির সমাবেশকে কেন্দ্র সাভারের বিভিন্ন স্থান থেকে আটক বিএনপি’র ২০ নেতাকর্মীকে ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে প্রেরণ করা হয়।
 
আগে রবিবার দুপুরে ঢাকায় বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে সাভারের বিরুলিয়া, আমিনবাজারসহ রাজধানীর বিভিন্ন প্রবেশদ্বার থেকে নাশকতাকারী সন্দেহে তাদেরকে আটক করে পুলিশ।
 
আটককৃতরা হলো- সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদকের ভাই এরশাদ মিয়া, বিএনপি কর্মী আনোয়ার হোসেন, শাকিল, স্বপন, ইব্রাহিম, আবু তাহের, মো. সেলিম, মাসুদ রানা, আয়নাল হক, আরশাদ আলী, রুবেল, আবু বকর সিদ্দিক, সেলিম মিয়া, ফরিদ, কবির, আল-মামুন ও টাঙ্গাইলের কালিহাতি থানা ছাত্রদলের সভাপতি মিঠুনসহ ২০ জন।
 
সাভারের কলমা এলাকার আরশাদ আলীর স্ত্রী লতা বেগম বলেন, আমার স্বামী কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে দেশের কোন থানায় কোন জিডি বা মামলা নেই।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, নিয়মিত মামলায় বিএনপি’র ২০ নেতাকর্মীকে আটক করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ