কালিহাতীতে অস্ত্র ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২১:৩৪
টাঙ্গাইলের কালিহাতীতে অস্ত্র ও ইয়াবাসহ মোশারফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কালিহাতী থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কালিহাতী দক্ষিণ বেতডোবার মৃত আবুল হোসেনের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকমের ভাগ্নে।
 
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোশারফ হোসেন (৪৫) অস্ত্র ও ইয়াবাসহ মোটরসাইকেল নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ড থেকে এলেঙ্গার দিকে যাচ্ছে। কালিহাতী থানার সামনে তাকে মোটরসাইকেল থামাতে বললে সে পালানোর চেষ্টা করে। পরে থানার অদূরে তেলের পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচ থেকে একটি পাইপগান, একটি গুলি ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে থানায় দুটি মামলা হয়েছে। 
 
মামলার বাদী হয়েছেন কালিহাতী থানার এসআই নাছির উদ্দিন। এছাড়া মোশারফের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদকের মামলা রয়েছে বলে ওসি জানান।
 
ইত্তেফাক/নূহু